২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ দলের অডিট রিপোর্ট ইসিতে জমা

বর্ধিত সময়সীমার শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের বাষির্ক লেনদেন (অডিট রিপোর্ট) প্রতিবেদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত সময়সীমার শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের বাষির্ক লেনদেন (অডিট রিপোর্ট) প্রতিবেদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিকাল সাড়ে ৫টার দিকে নির্বাচন কর্মকর্তা (প্রশাসন) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বর্ধিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া ৩৬টি দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোটের শরিক জাতীয় পার্টি, প্রধান বিরোধী দল বিএনপি ও চার দলীয় জোটের শরিক জামায়াত, বিজেপি রয়েছে। তবে অডিট প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় ইসির পক্ষ থেকে এখনো কোনো দলের বার্ষিক হিসাব বিবরণী জানানো হয়নি। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের ২০০৯ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বর্ধিত সময়সীমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। শেষ দিনে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি। দেলোয়ার হোসেন জানান, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও কৃষক শ্রমিক জনতা লীগের অডিট রিপোর্ট বিকাল পর্যন্ত হাতে পৌঁছেনি। তবে ডাকযোগে বা অন্য কোনো বাহক দিয়ে কমিশনে দল দুইটির প্রতিবেদন পাঠানো হয়েছে কি না- তা পরে জানা যাবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের মধ্যে যেসব দল আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদের কারণ দর্শানোর জন্য নোটিশ করা হবে। কমিশন আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিষয়ে আরপিও-তে সংশোধনী আনার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালার নিবন্ধন শর্ত অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের বার্ষিক অডিট প্রতিবেদন ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। নির্ধারিত এ সময়ে ২১টি রাজনৈতিক দল তাদের বার্ষিক হিসাব বিবরণী জমা দেয়। আওয়ামী লীগসহ আটটি রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ অগাস্ট দু'মাস সময় বাড়ায় ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫০ ঘ.