নীলফামারী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী আহত হওয়ার পর শিক্ষার্থীদের অবরোধের কারণে সৈয়দপুর-ঢাকা সড়কে বৃহস্পতিবার ছয় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে তারাগঞ্জ উপজেলার চিকলী এলাকায় বাসের ধাক্কায় আহত হন ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুমি আক্তার (১৫)।
দুর্ঘটনার খবর শুনেই ওই বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী রাস্তায় নেমে আসে এবং সকাল ৮টার দিকে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তারা সড়কে গতিরোধক স্থাপনের দাবি জানায়।
পরিস্থিতি শান্ত করতে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক পুলিশকে নিয়ে ঘটনাস্থল যান।
গতিরোধক নির্মাণের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে সড়ক ছাড়ে বলে এনামুল সাংবাদিকদের জানিয়েছেন।
ছয় ঘণ্টা চলাচল বন্ধ থাকায় ওই সড়কের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। দুর্ভোগে পড়ে দূরগামী যাত্রীরা।
আহত সুমিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমীর বাবার নাম সোহরাব হোসেন। তার বাড়ি আলমপুর ইউপির সয়ার কাজিপাড়া ভীমপুর এলাকায়।
এদিকে দিনাজপুরের বিরল উপজেলার সেতাবগঞ্জে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। দুর্ঘটনার পর একটি বাস জনতা পুড়িয়ে দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন।
বিরল থানার ওসি সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় যাত্রীবাহী একটি বাস ধুকুরঝাড়ী সেতুর ওপর একটি মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল উল্টে দুজন নিহত এবং একজন আহত হয়।
নিহতরা হলেন- আবু সুফিয়ান (৩৫) ও তোজাম্মেল হক তজু (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৩ ঘ.
bdnews24