কুষ্টিয়া, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারায় বৃহস্পতিবার ভোরে এক মহিলার লাশ উদ্ধার হয়েছে।
নিহত রেশমা বেগম (৩২) নওদাপাড়ার আয়েশা বেগমের মেয়ে। তার স্বামী রেজেক আলী পেশায় দিনমজুর।
পুলিশ জানায়, ভোর ৬টার দিকে ভেড়ামারার পৌর এলাকার নওদাপাড়া থেকে নিহতের মায়ের বাড়ির পাশের পুকুরের মধ্যে থেকে লাশটি ভাসতে দেখা যায়।
ভেড়ামারা থানার ওসি সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
রেশমার মা আয়েশা বেগম বলেন, "এক বছর আগে রেশমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সে আমার কাছে থাকতো। তবে তার স্বামীর মাঝে মধ্যে দেখা করতে আসতো। সে (রেজেক) ভেড়ামারার দক্ষিণ রেল গেট এলাকায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকে।"
তিনি জানান, বুধবার রাত ৮টার পর থেকে রেশমাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ পাওয়া যায়।
রেশমা মাদকাসক্ত ছিলো বলে জানিয়েছেন আয়েশা বেগম।
পুলিশ কর্মকর্তা সরোয়ার জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০২ ঘ.
bdnews24