ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০০৯ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার।
কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সবগুলো এখনো নির্বাচন কমিশনে (ইসি) তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এ হিসাব জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগসহ আটটি রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ অগাস্ট এক বৈঠকে এজন্য দু'মাস সময় বাড়িয়েছিলো ইসি।
নির্বাচন কর্মকর্তা (প্রশাসন) দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে এ পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ ৩০টির বেশি দল তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এ হিসাব জমা দেওয়া যাবে বলেও তিনি জানান।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালার নিবন্ধন শর্ত অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের বার্ষিক অডিট প্রতিবেদন ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে।
তবে ৩১ জুলাই সাপ্তাহিক ছুটি থাকলে পরদিন অফিস খোলার সময় পর্যন্ত তা জমা দেওয়ার বিধান রয়েছে।
আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া দলগুলোর মধ্যে আরো আছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও খেলাফত মজলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/০৯৪৬ ঘ.
bdnews24