ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি পেয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ তাকে অব্যাহতির আদেশ দেয়।
রায়ে আগামী এক সপ্তাহের মধ্যে কুষ্টিয়া ও পাবনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত গড়াই নদীর একটি বালুমহাল ইজারা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত অবমাননার দায়ে মঙ্গলবার প্রায় ছয় ঘণ্টা একই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়েছিলো কুষ্টিয়ার এই জেলা প্রশাসককে।
গড়াই নদী থেকে ২০০৭ সালে বালু উত্তোলনের জন্য বিআইডব্লিটিএ'র কাছ থেকে অনুমতি নেয় একটি প্রতিষ্ঠান। এরপর কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে ওই প্রতিষ্ঠান ইজারার টাকা জমা দিতে যান। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানান।
ইজারাদার আনোয়ারুল হক এ নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল আদালত ইজারার টাকা জমা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়। কিন্তু তিনি ওই নির্দেশ অমান্য করেন।
এরপর আদালত জেলা প্রশাসককে হাজির হওয়ার নোটিশ দেয়। কিন্তু ওই নোটিশ পেয়েও তিনি আদালতে হাজির হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/১৫৫৫ ঘ.
bdnews24