ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চলতি অধিবেশনে পরিবেশ আদালত আইন পাস হতে পারে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, "আইন পাসের পর পরিবেশ সংরক্ষণের জন্য দেশের সব জেলায় পরিবেশ আদালত স্থাপন করা হবে।"
উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশ গ্রিন হাউস গ্যাস কম নিঃসরণ করে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ গ্যাস নিঃসরণ কমাতে বাংলাদেশের কোনো বাধ্যবাধকতা নেই। তবুও এর প্রভাব কমাতে সরকার উদ্যোগ নিয়েছে।
পরিবেশ দূষণ কমাতে সরকার গণপরিবহন ব্যবস্থায় রেল এবং নৌ পথে চলাচলের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
হাছান বলেন, "বাস-ট্রাক থেকে গ্রিন হাউস গ্যাস বেশি নিঃসরণ হয়, কিন্তু ট্রেনে সে তুলনায় কম। অথচ বিগত কয়েক দশকে দেশে রেললাইনের পরিমাণ তেমন বাড়েনি।"
সেকেন্ড ন্যাশনাল কমিউনিকেশন অব বাংলাদেশ প্রকল্পের আওতায় 'গ্রিন হাউজ গ্যাস ইনভেন্টরি' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর।
কর্মশালায় আরো বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24