ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে রাজশাহীর সিনিয়র জেল সুপার পার্থ গোপাল বণিক ও জেলার ফারুক আহমেদ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে আদালত চলাকালে তাদের দাঁড় করিয়েও রাখা হয়।
হাইকোর্ট জামিন দেয়া সত্ত্বেও ছাত্র শিবিরের ৪১ জন নেতাকর্মীকে অবৈধভাবে আটক রাখায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
মঙ্গলবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তারা ক্ষমা চান।
শুনানিতে ছাত্র শিবিরের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতে বলেন, "হাইকোর্টের একটি বেঞ্চ গত ২০ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আটক শিবিরের ৪১ জন নেতাকর্মীর জামিন দেয়।
"মুক্তির সব প্রক্রিয়া শেষ করার পর জেল সুপার আটক ব্যক্তিদের মুক্তি না দিয়ে ১৯ দিন আটকে রাখে।"
"অ্যাটর্নি জেনারেলের চিঠির কারণে আটকদের মুক্তি বন্ধ হয়ে যায়," অভিযোগ করে খন্দকার মাহবুব বলেন, "এমন ঘটনা ঘটলে দেশে আইনের শাসন বলে কিছু থাকে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০৩০ ঘ.
bdnews24