রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমার সময় বাড়াতে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি উঠলেও তা না হওয়ার ইঙ্গিত দিয়েছেন আয়কর কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর পরিবীক্ষণ ও প্রশিক্ষণ) অপূর্ব কান্তি দাশ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বছর সময় বাড়ানোর কোনও চিন্তাভাবনা আমাদের নেই।
কারণ এবার নিয়ম করে দেওয়া হয়েছে যে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেউ কর দিতে না চাইলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই উপযুক্ত কারণসহ আবেদন করে সময় বাড়িয়ে নিতে হবে।"
আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তিশ্রেণীর করদাতারা আয়কর বিবরণী জমা দিতে পারেন।
তবে প্রতিবারই সেপ্টেম্বর মাসের একেবারে শেষ সময়ে ওই সময়সীমা বাড়ানো হয়। গতবছর এক মাস বাড়ানো হয়েছিল।
রমজান ও ঈদুল ফিতরের ছুটির কারণ দেখিয়ে বিবরণী জমার সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এছাড়া বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনও সময় বাড়ানোর দাবি জানিয়েছে।
এ বিষয়ে এনবিআরের প্রথম সচিব (কর নীতি) রুহুল আমীন বলেন, "অর্থমন্ত্রী তো আগেই বলেছেন যে, এবার থেকে আর সময় বাড়ানো হবে না।"
গত ১৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আয়কর দিবসের অনুষ্ঠানে বলেন, "আমি ঘোষণা দিতে চাই- চিরদিনের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।"
প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান রোববার আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, "রিটার্ন জমা দেয়ার জন্য আয়করদাতা যথেষ্ট সময় পেয়েছেন বলে মনে হয়।"
সময় বাড়ানো প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অর্থমন্ত্রী যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে তা বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরবর্তীতে অন্য সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হবে।"
তিনি বলেন, "তবে রোজা ও ঈদের ছুটির কারণে মানুষের রিটার্ন জমা দিতে অসুবিধা হবে কী না তা মাথায় রেখেই অর্থমন্ত্রীর সিদ্ধান্ত নেয়া উচিৎ ছিল।"
এনবিআরসূত্রে জানা গেছে, গত অর্থ বছরে ৮ লাখ ১৫ হাজার করদাতার কাছ থেকে আয়কর আদায় হয়েছিল ১৭ হাজার ৮৭ কোটি টাকা। চলতি অর্থ বছরে ২১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অপূর্ব কান্তি আশা প্রকাশ করে বলেন, "এবার করদাতার সংখ্যা ১০ লাখের কাছাকাছি হবে।"
রাজস্ব বোর্ডের হিসাবে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতাদের মধ্যে আয়কর বিবরণী জমা দিয়েছেন এক লাখ ৯ হাজার জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১৩৮ ঘ.
bdnews24