ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসএফ'র গুলিতে বাংলাদেশিদের মৃত্যু ঠেকাতে সন্ধ্যার পর বাংলাদেশ সীমান্তে সান্ধ্য আইন জারির প্রস্তাব দিয়েছেন বিএসএফ'র প্রধান শ্রী রমন শ্রীবাস্তব।
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান শ্রীবাস্তব।
ঢাকায় বিডিআর সদরদপ্তরে গত বৃহস্পতিবার শুরু হয় পাঁচ দিনব্যাপী এই সম্মেলন। যৌথ বিবরণীতে স্বাক্ষর করার মধ্যে দিয়ে এই সম্মেলন শেষ হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা এই বিবরণীতে স্বাক্ষর করেন।
দুপুরে বিডিআর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে দুই মহাপরিচালকই জানান, সম্মেলন সফল হয়েছে।
সম্মেলনে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। ভারতের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিএসএফ মহাপরিচালক শ্রী রমন শ্রীবাস্তব।
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, "একজন বাংলাদেশিকে মেরে ভারতের কী লাভ। আর মৃত্যুর ঘটনাকে হত্যা বলা ঠিক নয়। হত্যা টার্গেট নিয়েই হয়ে থাকে। এর কোনো টার্গেট নেই। চোরাচালানির জন্য এসব হচ্ছে। তবে এটা কমানোর ব্যাপারে আলোচনা হয়েছে। এজন্য সন্ধ্যার পর বাংলাদেশের সীমান্ত এলাকায় কারফিউ জারির করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।"
তিনি জানান, ভারতে সীমান্ত এলাকায় রাতে কারফিউ রয়েছে।
"সীমান্তে বিএসএফের গুলিতে যারা মারা যান তার অর্ধেকই ভারতীয়," জানিয়ে শ্রীবাস্তব বলেন, "এজন্য ভারতীয়দের কাছেও জবাবদিহি করতে হয়।"
সান্ধ্য আইন জারি এ মুহূর্তে সম্ভব নয় বলে জানান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, "এটি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্ধুপ্রতীম দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে আলোচনায় বেশ কয়েকটি বিষয় স্থান পেয়েছে।
এগুলোর মধ্যে ছিলো- সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা বা আহত করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বাংলাদেশের জমিতে জোরপূর্বক চাষাবাদের চেষ্টা, বাংলাদেশিদের অবৈধভাবে গ্রেপ্তার-অপহরণ ও আন্তঃসীমান্ত মাদক চোরাচালান বন্ধ করা; সীমান্তরেখার ১৫০ গজের মধ্যে কোনো ধরনের নির্মাণ ও মেরামত কাজ না করা এবং দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও তৎপরতা বন্ধে উদ্যোগ গ্রহণ।
সংবাদ সম্মেলন বিডিআরের মহাপরিচালক জানান, আলোচনার মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে মূলত দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর একটি হচ্ছে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের গুলি করে হত্যা এবং অন্যটি মাদক পাচার।
এ বিষয় দুইটি জরুরি ভিত্তিতে সমাধানের জন্য বিএসএফ মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
বিএসএফ'র মহাপরিচালক বাংলাদেশে ভারতের জাল মুদ্রা ছেপে ভারতে পাচারের বিষয়টি ছাড়াও অস্ত্র, নারী ও শিশু পাচার হচ্ছে বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বিষয়গুলো আলোচনায় গুরুত্বের সঙ্গে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে দুই মহাপরিচালকই জানান, সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্ব আরোপ করে সীমান্ত এলাকায় নিজ নিজ অবস্থানে থেকে যৌথ টহল বাড়ানো ব্যাপারে সমঝোতা হয়েছে।
বাংলাদেশ প্রতিনিধিদলে বিডিআরের উপ-মহাপরিচালক, পরিচালক (অপারেশনস ও প্রশিক্ষণ), সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার, বিডিআর সদরদপ্তরের স্টাফ অফিসার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের কর্মকর্তারা ছিলেন।
ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন বিএসএফ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, সে দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিএসএফ মহাপরিচালকের স্ত্রী তার সঙ্গে বাংলাদেশ সফরে এসেছেন।
ভারতীয় দল সোমবার বিকালে দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/পিডি/১৭৩২ ঘ.
bdnews24