ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স রোগ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি সোমবার অ্যানথ্রাক্স সংক্রান্ত এক সেমিনারে বলেন, "সরকারের উদাসীনতা ও সময়মত ভ্যাকসিন না দেওয়ার কারণেই এই রোগ বেশি ছড়িয়েছে। এই রোগ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।''
সাবেক মৎস ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে সরকারের রেড এলার্ট জারির ঘোষণাও ছিলো ভুল। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে 'অ্যানথ্রাক্স-বাংলাদেশ প্রেক্ষিত: আমাদের করণীয়' শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক ডা. ফ ম সিদ্দিকী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক বাহানুর রহমান অ্যানথ্রাক্স রোগের কারণ ও করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, "এক বছর আগেই সিরাজগঞ্জ শহরে এই অ্যানথ্রাক্স রোগের খবর পাওয়া যায়। এক্ষেত্রে সরকার দ্রুত উদ্যোগ নিলে এই রোগ নিয়ে আতঙ্ক সৃষ্টি হতো না। জনগনের মাঝে এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হলে এটা এতোদিনে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।
আবদুল্লাহ আল নোমান বলেন, ''সরকারের রেড এলার্টের কারণে গরুর মাংস ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে আমাদের গনসচেতনতা সৃষ্টি করতে হবে। এই রোগের প্রতিরোধ ভ্যাকসিন সহজলভ্য করতে হবে।'
বিশেষজ্ঞরা বলেন, "এ রোগটি নিয়ন্ত্রণযোগ্য। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ব্যাপারে জনগনকে সচেতন হতে হবে।"
ড্যাব-এর সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে সাবেক মৎস ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক মো. তাহির, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক মুবিন খান, হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. মোতাহার হোসেন মণ্ডল, বিএসএমএমইউ এর চর্ম বিভাগের অধ্যাপক এ জেড এম মাইদুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইকবাল হোসেন, নিমসন এর সাবেক পরিচালক অধ্যাপক জাফরউল্লাহ চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের (বিএবি) সভাপতি এ কে গোলাম কাদের অ্যানথ্রাক্স রোগের কারণ ও প্রতিকারের বিষয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাব এর মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৫১ ঘ.
bdnews24