ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সোমবার এক যুবকের জবাই করা লাশ উদ্ধার হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত চাঁন মিয়া (৩৫) সদর উপজেলার কুঠি দূর্গাপুর গ্রামের সাহেব আলীর ছেলে। কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুরে গ্রামের মাঠ থেকে সোমবার সকাল ৭টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত হায়দার আলীর (৪০) বাড়িও কুঠি দূর্গাপুর গ্রামে।
পুলিশ বলছে, চাঁন মিয়া নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
কোটচাঁদপুর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হায়দার আলী রোববার রাত ১০টার দিকে চাঁন মিয়াকে কুঠি দূর্গাপুর গ্রামের বাড়ি থেকে ডেকে নেয়। এরপর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে দয়ারামপুর গ্রামের মাঠে নিয়ে জবাই করে হত্যার পর ফেলে যায়।
তিনি জানান, হায়দারকে সোমবার সকালে তার গ্রামের বড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চাঁন মিয়াকে ডেকে আনার কথা স্বীকার করেছেন।
ওসি বলেন, "চাঁন মিয়া পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি খুন হয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৩৩ ঘ.
bdnews24