ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনা থানার সাবেক ওসি মাহবুবুর রহমানসহ চার পুলিশ কর্মকর্তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ড. হুমায়ূন আজাদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগে ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভূঁইয়ার দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
অন্য তিন অভিযুক্ত হলেন- উপ-পরির্দশক (এসআই) রেজাউল করিম ও নাসের আলী এবং নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন।
রোববার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার মাহবুবুর রহমানসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত।
এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তরা আগাম জামিন চাইলে হাইকোর্ট তাদের নিু আদালতেই আত্মসমর্পণ করতে বলেন। তবে এই সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানী না করতেও নির্দেশ দিয়েছে আদালত।
ড. হুমায়ূন আজাদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগে ২০০৮ সালের ৫ মার্চ এ মামলা করেন ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভূঁইয়া। সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও এতে আসামি করা হয়।
গত ১৯ অগাস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই মামলায় মাহবুবুর রহমানসহ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/পিডি/২৩০৮ ঘ.
bdnews24