সাভার, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভার উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীরের বিরুদ্ধে রোববার পাঁচটি সাধারণ ডাইরি (জিডি) হয়েছে।
সন্ধ্যায় সাভার মডেল থানায় পৃথক এই পাঁচটি জিডি করেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রকনুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নী হোসেন, সাব-রেজিষ্ট্রার জিয়াউল হক
ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন সরকার।
জিডিতে তার বিরুদ্ধে টাকা দাবি, গালাগাল দেওয়া, তুলে নেওয়া ও মারধরের হুমকির অভিযোগ করা হয়।
খন্দকার মনিরুল ইসলামের জিডিতে (নম্বর-১৩৫৯) বলা হয়, সম্প্রতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর ফোন করে তাকে দেখা করতে বলেন। তিনি কাজ শেষে দেখা করার কথা জানালে চেয়ারম্যান তাকে গালিগালাজ, দাড়ি ছিড়ে ফেলা ও ওএমএস চাল কালোবাজারে বিক্রির অভিযোগে তুলে নেওয়ার হুমকি দেন। তিনি টাকাও দাবি করেন।
মো. রকনুল হকের জিডিতে (নম্বর-১৩৬০) অভিযোগ করা হয়, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি তার সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। আরো দুর্ব্যবহার করতে পারে আশঙ্কায় তিনি জিডি করেন।
মুন্নী হোসেনের জিডিতে (নম্বর-১৩৬১) বলা হয়, উপজেলা চেয়ারম্যানের কারণে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্পের (পর্যায়-৪) আওতায় ছাত্রী নির্বাচন এবং প্রকল্প বাস্তবায়নে কর্মকৌশল সংক্রান্ত ওয়ার্কশপ ও ওরিয়েন্টেশন আয়োজন করা সম্ভব হয়নি। তাই একটি জিডি করেন।
জিয়াউল হক জিডিতে (নম্বর-১৩৬২) অভিযোগ করেন, ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে চেয়ারম্যান ফিরোজ কবীর ঈদগাহ ময়দানের জন্য তার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা না দিলে তাকে অশাশলীন ভাষায় গালাগাল দেন চেয়ারম্যান। পরে তিনি ভয়ে দাবির ওই টাকা দিয়ে দেন। আবারো হুমকির আশঙ্কায় জিডি করেন।
আব্দুল মতিন সরকার জিডিতে (নম্বর ১৩৬৩) বলেন, চেয়ারম্যান তাকে প্রায়ই অকারণে গালাগাল দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন। নিরাপত্তার জন্য তিনি জিডি করেন।
সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, প্রতিটি জিডি পৃথকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর অভিযোগ অস্বীকার করে বলেন, "একটি প্রভাবশালী মহল উপজেলার ওই কর্মকর্তাদের নিয়ে এসব জিডি করিয়েছে। তারা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.
bdnews24