গাজীপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আগামী অক্টোবর মাস থেকে মাঠে নামছে শিল্প পুলিশ।
রোববার গাজীপুরে পুলিশ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর শিল্প পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে।
গাজীপুরের পুলিশ সুপার এসএম মাহফুজুল হক নূরুজ্জামান জানান, ১ অক্টোবর থেকেই মাঠে নামছে শিল্প পুলিশ।
শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থেকে ভাংচুর ও সহিংস ঘটনা এড়াতে শিল্প পুলিশ গঠনের দাবি জানিয়ে আসছিলেন শিল্পোদ্যোক্তারা। তবে পোশাক শিল্প শ্রমিক সংগঠনগুলোর সন্দেহ, তাদের দমনেই পুলিশের এ বিশেষ শাখাকে ব্যবহার করা হবে।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১ হাজার ৮৫৫ জন সদস্য নিয়ে শিল্প পুলিশের কার্যক্রম শুরু হবে। তাদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শিল্প পুলিশের তৎপরতায় শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা রোধ সম্ভব হবে বলে আশা করছেন সাহারা।
তিনি পুলিশ সদস্যদের জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় গাজীপুরের পুলিশ প্রশাসন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা এলাকা জনবহুল হওয়ায় তা ভেঙে আরো দুটি থানা গঠনের সুপারিশ করেন তারা। মন্ত্রী সে দাবি পূরণের আশ্বাস দেন।
সভায় স্থানীয় সংসদ সদস্য এবং অন্য জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া (হরতকিতলা) এলাকায় কালিয়কৈর ফায়ার স্টেশন উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/২০০১ ঘ.
bdnews24