ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের আমলে মুক্তিযোদ্ধা তালিকায় অনেক অমুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তাদের সনদ বাতিলের প্রক্রিয়া চলছে।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম এ কথা বলেন।
তাজুল জানান, মুক্তিযোদ্ধা হিসেবে সুবিধা নেয়া অমুক্তিযোদ্ধার সন্ধান পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮৯ হাজার ৮৯৯ জন, মুক্তিবার্তা অনুযায়ী এক লাখ ৮৬ হাজার ৭৯০ জন এবং মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৭২৬ জন।
সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের আরেক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, "দেশে বর্তমানে সরকারি ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা দেড় লাখ। আগে তাদের মাসে এক হাজার পাঁচশ টাকা করে ভাতা দেওয়া হতো। বর্তমানে এ ভাতার পরিমাণ বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে।"
তিনি জানান, ২০০৯-১০ অর্থবছরে প্রতি মাসে দেড় হাজার টাকা করে মোট ১ লাখ ২৫ হাজার মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছে। এ অর্থবছরে ভাতা এবং মুক্তিযোদ্ধার সংখ্যা দুটোই বাড়ানো হয়েছে।
ভবিষ্যতে সব মুক্তিযোদ্ধাকে পর্যায়ক্রমে ভাতার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী তাজুল ইসলাম।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী গত ১৮ ফেব্র"য়ারি সংসদে জানান, মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করবে সরকার। তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের প্রত্যয়ন, অস্ত্র জমার সনদ, প্রশিক্ষণের প্রমাণ, যুদ্ধকালীন কমান্ডারের প্রত্যয়নসহ অন্যান্য দলিল যাচাই-বাছাই করে এ তালিকা করা হবে।"
তবে মুক্তিযোদ্ধাদের নতুন কোনো তালিকা এখনো ঘোষণা করেনি সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮২১ ঘ.
bdnews24