নওগাঁ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংরক্ষণের জন্য হিমাগারে রাখা হলেও সেখানেই পচে গেলো কয়েক হাজার বস্তা আলু।
নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুরে ফয়েজ উদ্দিন হিমাগারের কর্মকর্তারা দাবি করেছেন, পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়াই আলু পচনের কারণ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল ওই হিমাগারের মালিক। আলু পচে যাওয়ার জন্য অবশ্য কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে হিমাগার কর্তৃপক্ষ।
মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইন্দাই গ্রামের ব্যবসায়ী তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ৩৫ জন কৃষকের কাছ থেকে ৪৪ বস্তা আলু নিয়ে এ হিমাগারে রেখেছিলেন। গত শনিবার এসে দেখেন কোনো বস্তার আলুই ভালো নেই।
শেরপুর গ্রামের কৃষক আব্দুল জলিল, মফিজ উদ্দিন ও আফাজ উদ্দিন নয় বস্তা আলু রেখেছিলেন। শনিবার আলু নিতে এসে দেখেন, সব পচে গেছে।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতি বস্তা আলু ছাড়িয়ে নিতে ১৯০ টাকা ভাড়া পরিশোধ করতে হবে। কিন্তু এক বস্তা পচা আলু বাছাই করলেও সে টাকা উঠবে না।
মান্দা উপজেলার সতিহাটের খলিল জানান, তিনি ৭ হাজার ৫০০ বস্তা আলু রেখেছিলেন। এর মধ্যে ২ হাজারের বেশি বস্তা পচে গেছে।
হিমাগারের হিসাবরক্ষক আফছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিমাগারের চারটি চেম্বারে এবার মোট ১ লাখ ৬ হাজার বস্তা আলু রাখা হয়। এর মধ্যে আড়াই হাজার বস্তার আলু নষ্ট হয়েছে।
সাধারণ কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানান।
হিমাগারের ব্যবস্থাপক আব্দুস সামাদ বলেন, নিরবচ্ছিন্নভাবে কমপক্ষে ২ ঘণ্টা বিদ্যুৎ না পেলে হিমাগারের চেম্বারগুলো ঠাণ্ডা হয় না। বিদ্যুতের জন্য একাধিকবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।
আলু পচে হিমাগারে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে। শনিবার দমকল বাহিনী হিমাগারের দেয়াল কেটে বিষাক্ত গ্যাস বের করার ব্যবস্থা করে।
নওগাঁ দমকল বাহিনীর স্টেশন মাস্টার নূরুল ইসলাম ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যামোনিয়া গ্যাস বেশি নির্গত হওয়ায় চেম্বারগুলো ঠাণ্ডা থাকার পরিবর্তে প্রচণ্ড গরম হয়ে ওঠে। এতে আলু পচে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া মিশে ভেতরের বাতাস বিষাক্ত হয়ে পড়ে।
এদিকে হিমাগার কর্তৃপক্ষ বিদ্যুতের অভাবের কথা বললেও পল্লী বিদ্যুৎ বিভাগ কোনো আশার কথা শোনাতে পারেনি।
মহাদেবপুর পল্লী বিদ্যুতের উপমহা ব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার ফরহাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাদেবপুরে প্রতিদিন ৯ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা। কিন্তু পাওয়া যাচ্ছে এর অর্ধেক। ফলে লোড শেডিংয়ের মাধ্যমেই বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24