চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিপার্স কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সাবেক প্রথম সহ-সভাপতি মাহাবুব আলী (৫৩) মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে বিজিএমইএ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে।
বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা মাহাবুব আলী এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিলো।
মাহাবুব আলীর মৃত্যুর সংবাদ শোনার পরপরই চট্টগ্রাম চেম্বারের সভাপতি এম এ লতিফ এমপি, সিডিএ চেয়ারম্যান ও মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আবদুচ ছালাম, বিজিএমইএ নেতা নাসির উদ্দিন চৌধুরীসহ ব্যবসায়ী সমাজের শীর্ষ নেতারা তার চকবাজারের জয়নগরস্থ বাসায় ছুটে যান।
মৃত্যুর আগে মাহাবুব আলী শিপার্স কাউন্সিলের সভাপতির পাশাপাশি চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্র"প হাবিব গ্র"পের কো-চেয়ারম্যান এবং বিজিএমইএ এর বন্দর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে নাসির উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, রোববার রাতের মধ্যেই মাহাবুব আলীর লাশ চট্টগ্রামে আনা হবে। সোমবার নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
শোকবার্তায় বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, মাহাবুব আলীর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা হারালো এবং শিল্প অঙ্গনে যে গভীর শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়।
বিবৃতিতে জানানো হয়, মাহাবুব আলীর মরদেহ চট্টগ্রামে নেওয়ার আগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৪০৭ ঘ.
bdnews24