২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ভাটিয়ারিতে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে

বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 04:41 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ শনিবার সকালে চট্ট্রগ্রামের ভাটিয়ারির সোনাইছড়িতে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, "চট্টগ্রামে একটি বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এ বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।" এই বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার কাজ শেষ হলে দেশ বিদেশের অনেক পর্যটক এখানে আসবে বলে আশা রাখেন তিনি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন অধিদপ্তর 'রিডাকশন অব কারবন ইমিশন থ্রু স্টাব্লিশমেন্ট অব সোনাইছড়ি বোটানিক্যাল গার্ডেন' নামে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় ইতোমধ্যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ) থেকে প্রাথমিক পর্যায়ে ২৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। বরাদ্দ অর্থের কাজ শেষে প্রকল্পের বাকি অর্থ একই তহবিল থেকে দেয়া হবে। জঙ্গল ভাটিয়ারী মৌজার প্রায় দুইশ ২৫ একর জমির উপর প্রতিষ্ঠা করা হবে প্রস্তাবিত েেবাটানিক্যাল গার্ডেন। যেসব গাছ ও উদ্ভিদ বর্তমানে বিলুপ্তির পথে, সে সমস্ত গাছ ও উদ্ভিদ সংরক্ষণ, সংরক্ষিত গাছ থেকে পরবর্তীতে বংশ বিস্তারের বীজ সংগ্রহ, দেশী-বিদেশী প্রজাতির গাছ ও উদ্ভিদ সংরক্ষণ, প্রকৃতিবিদ, উদ্ভিদতত্ত্ববিদ ও ছাত্র-ছাত্রীদের বৈজ্ঞানিক গবেষণার সুযোগ সৃষ্টি, এলাকার বাসিন্দা, আগত জনসাধারণ ও পর্যটকদের চিত্তবিনোদনেরও ব্যবস্থা থাকবে। চট্টগ্রামের বন সংরক্ষক সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কাশেম মাষ্টার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস সালাম, প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসান এলাহী, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, সীতাকুন্ডের উপজেলা চেয়ারম্যান আবদুল্লা বাকের ভূঁইয়া, ডিএফও নর্থ বদরুল আনাম ভূঁইয়া, সীতাকুন্ডের উপজেলা নির্বাহী অফিসার আবদুর রউফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৩৮ ঘ.