২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক

সুনামগঞ্জের তাহিরপুরে শনিবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরে শনিবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে । তাহিরপুর উপজেলার টেকেরঘাট ই. কোম্পানির লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির শাহ আরেফিন মোকাম এলাকায় এ বৈঠক হয়। ঢাকায় বিডিআর ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন চলাকালে সুনামগঞ্চে এ পতাকা বৈঠক হলো। গত ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন ২৭ সেপ্টেম্বর জেআরডি (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স) স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল হক। ভারতের নেতৃত্বে ছিলেন ৮৩ বিএসএফ ব্যাটালিয়ন শিলং এর কমান্ড্যান্ট দানিয়েল অধিকারী। বৈঠকে সীমান্তরক্ষীদের নিজ নিজ সীমান্তে টহল জোরদার, মাদক দ্রব্য ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মাকসুদুল হক। সাংবাদিকদের তিনি বলেন, চোরাচালানীদের সহায়তায় বাংলাদেশের একাধিক সীমান্ত দিয়ে মাদকের চালান আসে। এটা প্রতিরোধে বৈঠকে বিডিআরের পক্ষ থেকে বিএসএফ এর সহযোগিতা চাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৮১৮ ঘ.