২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এভাবে চললে বিচার ব্যবস্থা ভেঙে পড়বে'

আদালতে মামলা জট কমানোর ওপর জোর দিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বর্তমান পদ্ধতিতে চললে বিচার ব্যবস্থা অচিরেই ভেঙে পড়বে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 07:13 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে মামলা জট কমানোর ওপর জোর দিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বর্তমান পদ্ধতিতে চললে বিচার ব্যবস্থা অচিরেই ভেঙে পড়বে। শনিবার এক সেমিনারে তিনি বলেন, "যে বিচার পদ্ধতি আমরা অনেক দিন ধরে অনুসরণ করে আসছি, তা যদি চালু রাখি তাহলে বিচার ব্যবস্থা ভেঙে পড়া ছাড়া আর কোনো পথ থাকবে না।" বিয়াম মিলনায়তনে 'বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি' শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ছিলেন কমিশনের দুই সদস্য এসসি পাল ও এম শাহ আলম ছাড়াও ছিলেন ড. কামাল হোসেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মীর্জা হোসেইন হায়দার, বিচারপতি মনিরুজ্জামান, বার কাউন্সিলের সহসভাপতি আব্দুল বাসেত মজুমদার প্রমুখ। দেশের বিভিন্ন এলাকায় আইন পেশায় যুক্ত ব্যক্তিরা সেমিনারে অংশ নেন। এর আয়োজন করে যৌথভাবে আইন কমিশন ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (এসএআইএলএস)। আইনমন্ত্রী বলেন, "আমাদের দেশে আদালত ও মামলা ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। জ্যেষ্ঠ কোনো আইনজীবী তৎপর হলে বিচারপতিরা ওই মামলাকে গুরুত্ব দেয়। কিন্তু স্বল্প আয়ের মানুষের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ধরা সম্ভব হয় না বলে তার দুর্ভোগ আরো বেড়ে যায়। বছরের পর বছর ধরে ওই মামলা ঝুলে থাকে।" জ্যেষ্ঠ আইনজীবীদের কারণে এডিআর কার্যকর হয়নি উল্লেখ করে তিনি বলেন, "বিভিন্ন স্থানে বিচারকরা এডিআর পরিচালনার জন্য যে সব জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছিল, তারা নিজেদের মামলা নিয়েই ব্যস্ত ছিলেন। এজন্য এবার যে কোনো ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়ে মেডিয়েটর নিয়োগ করা হবে।" শফিক আহমেদ বলেন, সমাজে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে যে বিশৃঙ্খলা চলছে তা দুর করতে এডিআর বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এতে যে কোনো সমস্যা সমাধানে দুই পক্ষই খুশি থাকবে। দেশের প্রথম আইনমন্ত্রী কামাল হোসেন বলেন, "যে শত বছরের বিচার বিভাগ নিয়ে আমরা গর্ববোধ করেছি। আইনজীবীরাও সেই বিচার বিভাগের আস্থা অর্জন করেছে। কিন্তু ওই আইনজীবীদেরকেই আজ মক্কেলরা লাঠিয়ালের মত ব্যবহার করছে। বিচার বিভাগের আস্থা ফিরিয়ে আনতে বিচার ব্যবস্থা সংস্কারের বিকল্প নেই।" তিনি আরো, "কল্পনাও করা যায় না এখন একটি সমন জারি করতেই লাগে দুই বছর সময়। মামলা চালু হতেই যদি দুই বছর লাগে তাহলে মানুষ যাবে কোথায়? ভুয়া দলিল, ভুয়া মামলা, ভুয়া রায় আর ওই রায়ের ভুয়া বাস্তবায়নে দেশ ভরে গেছে।" ড. কামাল বলেন, "অনেক জ্যেষ্ঠ আইনজীবী এফিডেভিড করলেও ওই আইনজীবীর ইমেজের কারণে বিচারক স্মিত হেসে তা গ্রহণ করেন। এটা বন্ধ করে এর বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এমন করলে আমাকেও যেন রেহাই না দেওয়া হয়। কেননা এটা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।" বিচারপতি মীর্জা হোসোইন হায়দার বলেন, "আইনজীবীরা লার্নিং বিষয়টা ভুলে এখন আর্নিং-এ বেশি ব্যস্ত। আগের দিনের আইনজীবীদের সঙ্গে বর্তমান আইনজীবীদের এটাই পার্থক্য। তারা লার্নিং-এ ফিরে গেলেই অনেক কিছু ঠিক হয়ে যাবে।" বিচারপতি মাহমুদ হোসেন বলেন, "আমাদের অ্যাংলো-স্যাক্সন বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। মামলা জট কমাতে, মানুষের দুর্ভোগ কমাতে এর কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে এডিআর কার্যকর ভূমিকা রাখতে পারে।" বিচারপতি নূরুজ্জামান বলেন, "আগে আইনজীবীদের সিদ্ধান্ত নিতে হবে তারা মামলা নিষ্পত্তি চান, নাকি একটা জঞ্জাল হবে। মামলার উদ্দেশ্য হয়রানি করা হলে তা নিষ্পত্তি হবে না।" বাসেত মজুমদার বলেন, "দেশের সব মানুষই এখন চিন্তা করে যে কোনো উপায়ে মামলা জিততেই হবে। এর ফলে প্রতিহিংসার সংস্কৃতি থেকে আমরা বের হতে পারছি না। এ থেকে মুক্তি পেতে হলে এডিআর কার্যকর করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৫৩৮ ঘ.