ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ধানমণ্ডিতে ছাত্র-পুলিশ সংঘর্ষের কারণে শনিবার সকালে প্রায় এক ঘণ্টা মিরপুর রোডে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর হয় বলে পুলিশ জানায়। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কে এ গোলযোগ দেখা দেওয়ায় আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে ব্যাপক যানজট।
সকাল ১১টার দিকে ছাত্ররা সড়ক ছাড়ার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সকালে ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের চাপায় আহত হন বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র মোস্তাফিজুর রহমান। বিকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
সড়কে গতিরোধক এবং ওভার ব্রিজ নির্মাণের দাবিতে সেদিন কয়েকটি গাড়ি ভাংচুর করে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
শনিবার সকালেও ল্যাবএইড হাসপাতালের অপর পাশে ক্যাম্পাসের সামনে জড়ো হয় প্রায় ৫০০ শিক্ষার্থী। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে ছাত্ররা গাড়ি ভাংচুর শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা পাঁচটি যাত্রীবাহী বাস এবং তিনটি প্রাইভেটকার ভাংচুর করে।
ছাত্রদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলছে বলে ১১টার সময় জানান ধানমণ্ডি থানার ওসি শাহ আলম।
তবে দুপুর ১২টার দিকে ছাত্ররা আবার সড়কে নামার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ওই সময় পুলিশের লাঠিপেটায় আহত হয় ১০ জন ছাত্র। ছাত্রদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছে কয়েকজন পুলিশ সদস্যও।
এরপর সাড়ে ১২টার দিকে ছাত্রদের বিশ্ববিদ্যালয় ভবনে ঢুকিয়ে ভবনের ফটক আটকে দেয় পুলিশ।
তবে বেলা ২টার পর পুলিশ ফটক ছাড়লে ছাত্ররা বেরিয়ে আসে। তবে এরপর কোনো ধরনের অবরোধের চেষ্টা চালায়নি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24