২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ মার্চের আগেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের আহ্বান

আগামী স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার আহ্বান জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের অষ্টম সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার আহ্বান জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের অষ্টম সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনের শ্লোগান 'শোষকের তাবেদার যুদ্ধাপরাধী/তাদের শাস্তি জনতার দাবি'। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্ত্বরে ঐতিহাসিক হাজং বিদ্রোহের বীরযোদ্ধা কুমুদিনী হাজং দুদিনের এ সম্মেলন উদ্বোধন করেন। অশীতিপর কুমুদিনি হাজং এসময় ১৯৪৬ সালের ৩১ ডিসেম্বর তার নেতৃত্বে হাজং বিদ্রোহের এক ঘটনার স্মৃতিচারণ করেন। এর আগে উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। কুমুদিনি হাজং জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন উদীচীর ঢাকা মহানগর সংসদের সভাপতি অধ্যাপক কাজী মদিনা। একই সঙ্গে সংগঠনের ঢাকা মহানগরের ১১টি শাখার নেতারাও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর ঘুরে টিএসসিতে এসে শেষ হয়। দুপুরে টিএসসি মিলনায়তনে উদ্বোধনী অধিবেশন বসে। অধ্যাপক কাজী মদিনার সভাপতিত্বে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, সাধারণ সম্পাদক হাবিবুল আলম ও কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী আলোচনায় অংশ নেন। শনিবার সকাল ৯টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দ্বিতীয় সাংগঠনিক অধিবেশন শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এজে/১০৪৫ ঘ.