ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসলামী ছাত্রশিবিরের একট মেসে অভিযান চালিয়ে বেশ কিছু বই এবং খেলনা পিস্তল আটক করেছে পুলিশ।
ওই বাড়ির দেখাশোনার কাজে নিয়োজিত দুইজনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
এলিফ্যান্ট রোডের ২৬৬ নম্বর শিবিরকর্মীদের মেস হিসেবে ব্যবহৃত হলেও বেশ কিছুদিন ধরে তা বন্ধ ছিলো।
নিউ মার্কেট থানার উপপরিদর্শক মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার ভোররাতে ওই বাড়ির তালা ভেঙে কে বা কারা ঢুকেছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তবে বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি।"
বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে কিছু খেলনা রাইফেল, খেলনা পিস্তল, ব্যাটারি, ব্যানার, ৫০টির মতো জিহাদি বই, সিডি, স্টিকার ও পোস্টার পাওয়া গেছে বলে জানান তিনি।
মহিউদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দেখাশোনাকারী মুস্তাফিজুর রহমান ও সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। মুস্তাফিজুর এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের পিয়নের কাজ করতো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, জল ও পরিবেশ বিভাগের অধ্যাপক আমিনুর রহমান মজুমদার ওই বাড়িটির মালিক বলে জানিয়েছে পুলিশ।
ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বাড়িটিতে তিন মাস আগেও একবার অভিযান চালানো হয় এবং বাড়ির মালিক অধ্যাপক আমিনুর রহমানকে ভাড়াটিয়াদের বিষয়টি জানানো হয়। কিন্তু তিনি তাদের উঠিয়ে দেননি।"
ওই এলাকার ২৬৭ নম্বর বাড়ির বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্র রোহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বাসায় যারা থাকতো তাদের সঙ্গে খেলাধূলা করতো সে।
"আমাদের প্রায়ই বিভিন্ন বই ও কিশোর কণ্ঠ পত্রিকা পড়তে দিতো। তারা বছরে তিনটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করতো। স্থানীয় মুরুব্বিরা কুইজ অনুষ্ঠানে আসতো এবং আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতো", বলে রোহান।
একই কথা জানায় ২১৭/১ নম্বর বাড়ির বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্র দুই ভাই হাসান ও হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআইএম/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24