ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নওগাঁ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গালাহার এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টায় ট্রাক চাপা পড়ে একটি শিশু ঘটনাস্থলেই নিহত হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত হাবু (৫) সকালে মাদ্রাসায় যাচ্ছিলো। সে গালাহার গ্রামের বাসিন্দা বলে জানান তিনি।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ভূঁইয়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক সাইকেল আরোহীকে পেছন থেকে একটি টেম্পু ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
নিহত মাইনউদ্দিন খাঁ দুলু (৭০) সনমানিয়া গ্রামের বাসিন্দা।
পাকুন্দিয়া থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুলু সনমানিয়া থেকে পাটুয়াভাঙ্গা যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ঘাতক টেম্পুকে আটক করে, তবে এর চালক পালিয়ে যায়।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় মাইক্রোবাস চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত মতিউর রহমান (৬৫) জেলার মহাদেবপুর উপজেলার অর্জুন চকপুর গ্রামের মৃত জামালের ছেলে।
নওহাটা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৮ টায় নওগাঁর সরস্বতীপুর বাজারে মতিউর তার জামাতার নবনির্মিত বিস্কুট ফ্যাক্টরি দেখতে আসে। এসময় মহাদেবপুর থেকে নওগাঁগামী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় মতিউর।
ঘাতক মাইক্রোবাসটিকে নওগাঁ সদর মডেল থানা পুলিশ আটক করেছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, এ দুর্ঘটনার পরে সরস্বতীপুর বাজারে সড়ক দুর্ঘটনার পরে উত্তেজিত স্থানীয় জনতা বাজার সংলগ্ন সড়কে স্পিড ব্রেকারের দাবিতে পাকা সড়কের উপর গাছের গুড়ি ফেলে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার উভয় পাশে প্রায় শতাধিক যানবাহন আটকে পড়ে।
এ সময় নওহাটা ফাড়িঁ পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করলে রাত ১১টার দিকে অবরোধ তুলে নেয় তারা।
এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজব আলী।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুরে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে নসিমন চালক ঘটনাস্থলেই নিহত হয়।
নছিমন চালক দুখু মোল্লা (১৮) মুকসুদপুর উপজেলার তারাইল গ্রামের আক্কাস মোল্লার ছেলে।
মুকসুদপুর থানার ওসি কেএম লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৮টায় ঘটনাস্থলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে নছিমন চালক দুখু নিহত হয়।
এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৫৫৫ ঘ.
bdnews24