ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উপকূলীয় এলাকায় উপকূল রক্ষা বাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্য সফররত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক মঙ্গলবার সেদেশের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী আর টি হন অ্যালান ডানকানের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আশ্বাস দেন।
বুধবার ঢাকায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- ডিএফআইডি বাংলাদেশের উপকূলে বাঁধ উঁচু করা এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে সহায়তা সম্পর্কে জানে না। তাই চলতি বছরের বাজেট থেকে এ খাতে সহায়তা দেওয়া সম্ভব হবে না। তবে আগামীতে এ সংস্থাটি বাঁধ উঁচু করা এবং আশ্রয়কেন্দ্র নির্মাণে অর্থের সংস্থান করবে।
সাক্ষাতকালে আব্দুর রাজ্জাক প্রতিমন্ত্রীকে জানান, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তন দুর্যোগের ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। দেশের উপকূলীয় বাঁধগুলো অনেক পুরনো। প্রয়োজনীয় অর্থের যোগান না থাকায় এগুলো মেরামত ও উঁচু করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্রও নেই। তিন কোটি লোক অধ্যুষিত ওই অঞ্চলে দু'হাজারের মতো আশ্রয়কেন্দ্র রয়েছে। সরকার বর্তমানে কিছু ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাঁধ উঁচু এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ডিএফআইডিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান আব্দুর রাজ্জাক।
ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নিম্ন আয়ের জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ডিএফআইডি চর জীবিকায়নসহ বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করছে। দুর্যোগ ব্যবস্থাপনায় আগামীতে ডিএফআইডি'র সহায়তা আরো বাড়ানোর আশ্বাস দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৩৮ ঘ.
bdnews24