২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোরবানির ঈদকে কেন্দ্র করে অ্যানথ্রাক্স আতঙ্ক নয়'

কোরবানির ঈদকে কেন্দ্র করে অ্যানথ্রাক্স আতঙ্কে না ভোগার আহ্বান জানিয়েছে সরকার। সরকার বলছে, দেশে গরু আমদানির ২২টি প্রবেশপথেই পরীক্ষার ব্যবস্থা আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদকে কেন্দ্র করে অ্যানথ্রাক্স আতঙ্কে না ভোগার আহ্বান জানিয়েছে সরকার। সরকার বলছে, দেশে গরু আমদানির ২২টি প্রবেশপথেই পরীক্ষার ব্যবস্থা আছে। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, "ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসার ২২টি প্রবেশপথ রয়েছে। এসব প্রবেশপথে গরু অসুস্থ বা অ্যানথ্রাক্স আক্রান্ত কি না তা পরীক্ষা করার জন্যে পশু ডাক্তার নিয়োজিত রয়েছেন। "আক্রান্ত গরু ৪৮ ঘণ্টার মধ্যেই মারা যায়। তাই অসুস্থ গরু পেলে সেখানেই এগুলো মারা যাওয়ার পর পলিথিনে মুড়ে পুঁতে ফেলার ব্যবস্থা রাখা হয়েছে।" তবে গরু কেনার সময় সুস্থ দেখে কেনা উচিত বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। 'অ্যানথ্রাক্স : পাবলিক হেলথ ইস্যু' শীর্ষক সেমিনারটি আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বে-নজির আহমেদ। তিনি বলেন, "বাংলাদেশে আক্রান্ত প্রাণীর মাংস খাওয়া বা দুধের মাধ্যমে সংক্রমণের কথা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত সনাক্তকৃত সব অ্যানথ্রাক্সই চামড়ার অ্যানথ্রাক্স। " কোরবানির সময় সুস্থ প্রাণী কেনার পরও সতর্কতা হিসেবে ৪৮ ঘণ্টা এগুরোকে পর্যবেক্ষণে রাখা উচিত বলে জানান ডা. বে-নজির। সেমিনারে অন্যাদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এবং উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) রিসার্চ ইনভেস্টিগেটর ড. সালাহউদ্দিন খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯১৮ ঘ.