ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের সময় চাঁদাবাজির অভিযোগে কয়েকজন পুলিশ সদস্য পর্যন্ত বরখাস্ত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ওই সময়ে দেশে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঈদের সময় ছিনতাইও হয়নি বলে দাবি করেন তিনি।
মন্ত্রী বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, "গত ঈদে আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলো। এ কারণে একটিও ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি। চাঁদাবাজিরও অভিযোগ পাওয়া যায়নি।"
ঈদের কয়েকদিন আগে গত ৮ সেপ্টেম্বরই নারায়ণগঞ্জে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা মহাসড়কে গাড়ি থেকে চাঁদা নিচ্ছিলো। এছাড়া রাজধানীর বিভিন্ন ফুটপাতে পুলিশ ও সন্ত্রাসীদের চাঁদাবাজিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর অনুসন্ধানে ধরা পড়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। তারা যেখানে ছিনতাই, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজি দেখছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
সন্ত্রাসী হামলায় আহত পুলিশ কনস্টেবল মোহাম্মদ আসাদকে দেখতে দুপুরে হাসপাতালে যান সাহারা খাতুন। তার সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও ছিলেন।
সাহারা বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো"।
গত রোববার রাতে দায়িত্ব পালনকালে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ব্র্যাক ব্যাংকের সামনে দুর্বৃত্তরা আসাদের ওপর গুলি চালায় ।
আসাদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। তার দুটি অস্ত্রোপচার হয়েছে। আরো একটি অস্ত্রোপচার হবে। গুলিবিদ্ধ হওয়ায় তার কিডনি ও লিভার আক্রান্ত।
আসাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি একইসঙ্গে বলেন, "সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা গ্রহণ করবে বলে সাহারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমইউএস/এমআই/১৬৪০ ঘ.
bdnews24