গাজীপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকটির দুজন আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে বাস ও ট্রাকটির আরো ১৫ যাত্রী।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলার চক্রবর্তী বাসস্ট্যান্ড সংলগ্ন ন্যাশনাল ব্যাংক ফাউন্ডেশনের সামনে নবীনগর-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল হক (৫০) মানিকগঞ্জের সাটুরিয়ার জান্নাহ গ্রামের প্রয়াত ওকিলউদ্দিন ব্যাপারির ছেলে এবং দুলাল হোসেন (৩৫) একই গ্রামের ফজল হকের ছেলে।
আহতদের পরিচয় জানা যায়নি। তারা স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, টাঙ্গাইলগামী ঝটিকা পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকযাত্রী শামসুল ও দুলাল ঘটনাস্থলে মারা যান।
এসআই আজহারুল জানান, ট্রাকটিতে ১০-১২ জন আরোহী ছিলো। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারীকে পাওয়া যায়নি।
স্বজনদের আবেদনে ময়না তদন্ত ছাড়া চক্রবর্তী পুলিশ ফাঁড়ি থেকে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০২২ ঘ.
bdnews24