ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমা মেরে কমলাপুর রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
সোমবার সন্ধ্যায় টেলিফোনে এ হুমকির পর কমলাপুর স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রমনা জোনের পাশাপাশি মতিঝিল জোনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার কৃষ্ণপ্রদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''টেলিফোনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির এই হুমকির পর কমলাপুর স্টেশনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।''
কমলাপুর রেলওয়ে স্টেশনের চারপাশে পুলিশ, র্যাব ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার সন্ধ্যার আগে পুলিশের একাধিক কর্মকর্তার কাছে টেলিফোনে কমলাপুর স্টেশন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির টেলিফোন নম্বর থেকে তার পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইএম/ডিডি/এইচএ/২১৪৪ ঘ.
bdnews24