মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনের ফল ঘোষণার সময় সহিংস ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এর পেছনে কী কী কারণ ছিল, তার খতিয়ে দেখতে পাঁচ প্রশ্নের উত্তর খুঁজবে এক সদস্যের ওই তদন্ত কমিশন।
সিসিসি নির্বাচনের ওই সহিংসতা তদন্তে গঠিত 'কমিশন অব ইনকোয়ারি'র এর কর্ম পরিধি সংক্রান্ত গেজেট রোববার জারি করে নির্বাচন কমিশন (ইসি)।
তদন্ত কমিশনের সদস্য নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জহুরুল হক আগামী ২১ দিনের মধ্যে সরেজমিন অনুসন্ধান চালিয়ে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ ইসিকে জানাবে।
সিসিসি নির্বাচনে ৬৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৬০-৬৫ কেন্দ্রের ফলাফল ঘোষণার পর বাকি কেন্দ্রের ফল ঘোষণায় দেরি হওয়ার কারণ এবং এমএ আজিজ স্টেডিয়ামে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের বাইরে সহিংস ঘটনার পেছনে কে বা কারা দায়ী তা উদঘাটনে হাইকোর্টের নির্দেশনায় সরকার এক সদস্যের 'কমিশন অব ইনকোয়ারি' গঠন করে।
ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) এনআই খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন থেকে তদন্ত কার্যক্রম শুরু হলো। সরেজমিন বা প্রয়োজনে কাউকে ডেকে ঘটনার অনুসন্ধান করবেন কমিশন অব ইনকোয়ারি।"
প্রতিবেদন জমা দিতে ২১ দিনের সময় বেঁধে দেওয়া হলেও তদন্ত কমিশন 'প্রয়োজন' মনে করলে আরো সময় নিতে পারে বলে জানান তিনি।
গত ১৭ জুন অনুষ্ঠিত সিসিসি নির্বাচনে আওয়ামী লীগের মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজার ৫১৮ ভোটে হারিয়ে বিজয়ী হন সাবেক কাউন্সিলর বিএনপি সমর্থিত মনজুর আলম।
রাতে ফল ঘোষণার সময় মহিউদ্দিন ও মনজুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সময় পুলিশের দুটি মটর সাইকেল ও দুটি চায়ের দোকানে আগুন ধরানো হয়। ভাংচুর হয় ব্যালট ও পুলিশবাহী গাড়িসহ অন্তত ২০টি গাড়ি ভাংচুর।
যে পাঁচটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য ইসির পক্ষ থেকে তদন্ত কমিশনকে সুপারিশ করা হয়েছে, তা হচ্ছে- ৬০/৬৫ কেন্দ্রের ফলাফল ঘোষণার পর বাকি কেন্দ্রের ফল ঘোষণায় অপরিমিত বিলম্বের কারণ কী ছিলো এবং এর জন্য কে বা কারা দায়ী; রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের বাইরে সহিংস ঘটনা ঘটানোর পেছনে কে বা কারা দায়ী; অস্থায়ী এ কার্যালয়ের নিরাপত্তা যথেষ্ট ছিলো কিনা; আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলো কি না; সহিংস ঘটনার পর রিটার্নিং কর্মকর্তা আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তা চেয়েছিলেন কি না এবং চাইলে তা পেয়েছিলেন কি না; ঘটনার সময় নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটরা তাদের দায়িত্ব পালন করেছিলো কি না।
তবে ইসির উপসচিব (আইন) মো. শাহজাহান মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয়, তদন্ত কমিশন ৫ দফা কর্মপরিধির বাইরেও অন্য কিছু প্রয়োজনীয় মনে করলে তা প্রতিবেদনে উল্লেখ করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০১৫ ঘ.
bdnews24