ফেনী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের প্রতিবাদে সোমবার সকালে ফেনী-কাজীরহাট সড়ক পাঁচঘণ্টা অবরোধ করেছেন ব্যাবসায়ীরা।
এ ছাড়াও বক্তারমুন্সী বাজারে ধর্মঘট এবং প্রতিবাদ সমাবেশ পালন করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকালে সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি হাই স্কুল মাঠে রামচন্দ্রপুর ও মির্জাপুর গ্রামের মধ্যে প্রীতি ফুটবল খেলা চলছিল। এ সময় রামচন্দ্রপুর গ্রামের খেলোয়াড় এমরান ও মির্জাপুর গ্রামের মিলনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে রাত ৯টার দিকে এমরানের পক্ষের ১৪/১৫ জন তরুণ বক্তারমুন্সি বাজারে মিয়াজী স্টোরে মিলনের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে দোকান মালিকরা এগিয়ে এলে তারা মো. ইব্রাহিম, আব্দুর শুক্কুরসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে।
এ সময় উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে ১২ জন আহত হয়। এদের মধ্যে ইব্রাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ফেনী-কাজীরহাট সড়ক অবরোধ করে রাখে।
এ সময় সেখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মহিউদ্দিন, খুরশিদ আলম প্রমুখ।
পরে পুলিশ এসে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
সোনাগাজী থানার ওসি নিজাম উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24