নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাধারণ পরিষদের ৬৫তম এ অধিবেশন শুরু হচ্ছে সোমবার।
স্থানীয় সময় রোববার দুপুর ১টা ৪০ মিনিটে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও বিমানবন্দরে জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হোটেল গ্রান্ড হায়াতে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরকালে এই হোটেলে থাকার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সাধারণ পরিষদের এ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার সকালে ঢাকা ছাড়েন। পথে ব্রাসেলসে যাত্রাবিরতি শেষে রোববার সকালে একটি বিদেশি বিমানে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা করেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরাকারি ও সামরিক কর্মকর্তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১০২২ ঘ.
bdnews24