নীলফামারী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসায় তল্লাশির নামে টাকা নিয়ে যাওয়ার অভিযোগে সৈয়দপুর থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্তের পর গ্রেপ্তার করেছে পুলিশ।
এমসআই মোজাম্মেল হোসেন (৩৫) সৈয়দপুর থানায় আটক আছেন। তার কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে নীলফামারীর ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম রশীদুল আলমের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, থানার এএসআই মোজোম্মেল হোসেন গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সৈয়দপুর শহরের গার্ডপাড়ায় হেলাল হোসেন নামের একজনের বাসায় যান। এ সময় তার সঙ্গে ছিলেন শহরের আতিয়া কলোনির বাসিন্দা জাকির হোসেন (৩৫)।
হেলাল হোসেনের অনুপস্থিতিতে তার স্ত্রী লিলি বেগমের (৩৫) কাছে মোজাম্মেল নিজেকে থানার ওসি পরিচয় দিয়ে বাসায় অবৈধ পণ্য মজুদ রাখার অভিযোগে তল্লাশি শুরু করেন।
পরে ঘরে রাখা তাদের জমি বিক্রির ৭৫ হাজার টাকা নিয়ে তারা চলে যান।
শনিবার ডলি বেগম থানায় এ ব্যাপারে একটি অভযোগ দিলে তার পরিপ্রেক্ষিতে রোববার রাত ৯টার দিকে তাকে সাময়িক বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়।
তবে তার সহযোগী জাকির হোসনেকে ধরা যায়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24