চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলা বিচারিক হাকিম আদালতের হাজতখানা থেকে এক আসামি পালিয়ে গেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাজতখানার টয়লেটের ভেনটিলেটর ভেঙ্গে জাল টাকা তৈরি মামলার আসামি মো. শাহাবুদ্দিন (২৩) পালিয়ে যান।
বাঁশাখালী থানার ওসি আতাউর রহমান আসামি পালিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টয়লেটে যাওয়ার দীর্ঘক্ষণ পরও সে না বের হওয়ায় পুলিশ দরজা ভেঙ্গে দেখতে পায় এর ভেনটিলেটর ভাঙ্গা।"
এ ঘটনায় পুলিশের দায়িত্বে কোনো অবহেলা নেই দাবি করে ওসি আরো বলেন, "পরিত্যক্ত ভবনে আদালতের কার্যক্রম পরিচালিত হয়। জরাজীর্ণ ভবনের কারণে আসামি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।"
শনিবার উপজেলার মিয়া বাজার এলাকা থেকে জাল টাকা তৈরি মামলার আসামি শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার শুনানির জন্য রোববার তাকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএনএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24