ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী শীতের আগেই লোডশেডিং আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তিনি বলেন, দেশে সারের চাহিদা মেটাতে তিনটি সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ কমাতে হবে। এর ফলে এ সময় দেশে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাবে।
রোববার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সভাকক্ষে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এমন ইঙ্গিত দিলেন।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, গ্যাস স্বল্পতার কারণে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও কর্ণফুলী সার কারখানা (কাফকো) এবং যমুনা সার কারখানা খুলে দেওয়া হবে। এতে কারখানাগুলোতে প্রায় ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে।
আর বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ওই পরিমাণ গ্যাস সরবরাহ কমে যাবে। এতে বিদ্যুতের উৎপাদনও কমবে। এ কারণে জাতীয় গ্রিডে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ কম যোগ হবে। ফলে শীতের আগেই লোডশেডিং আরো খানিকটা বাড়তে পারে বলে জানান তিনি।
তিনি জানান, রমজানের আগেই সরকার সাড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিতের ঘোষণা দিয়েছিল। সেটা অর্জন করা সম্ভব হয়েছে। এ বছরেই আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এছাড়া আগামী বছর আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা তুলে ধরে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশে তরল জ্বালানি (লিকুইড ফুয়েল) ব্যবহার করে আরো আটটি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি ১০০ ও চারটি ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। আগামী দুই সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হবে।
এজন্য প্রায় ৬০টি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা পড়েছে। উদ্যোক্তারা নিজস্ব জমিতে এসব কেন্দ্র স্থাপন করবে। নিজস্ব ব্যবস্থাপনায় জ্বালানি সরবরাহও নিশ্চিত করবে তারা। উৎপাদিত বিদ্যুৎ নিজস্ব ব্যবস্থাপনায় তারা জাতীয় গ্রিডেও সরবরাহ করবে বলে তিনি জানান।
তিনি এছাড়া ১৫০-৩৫০ মেগাওয়াট ক্ষমতার কয়লা চালিত দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেরও পরিকল্পনা রয়েছে সরকারের।
বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ জানান, গত নয় মাসে ঢাকায় বিদ্যুতের চাহিদা বেড়েছে ১৭ শতাংশ। ঢাকা শহরে ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা রিচার্জের কারণে ২৫০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ বেশি খরচ হচ্ছে। ব্যাটারিচালিত এসব গাড়ি রাতের বেলা চার্জ করা হয়। তাই রাতেও বিদ্যুতের চাপ কমছে না।
এছাড়া আইপিএস, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং ডিপ ফ্রিজের কারণেও ঢাকায় বিদ্যুতের ব্যবহার বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২২০০ ঘ.
bdnews24