নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রোববার সড়ক দুর্ঘটনায় এক শিশু আহত হওয়ায় এলাকাবাসী আধঘণ্টা সড়ক অবরোধ করেছে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী জানায়, বিকালে সদর উপজেলার গোদনাইল এলাকার ইমাম হোসেন তার ছেলে হাসনাইনকে (৩) নিয়ে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি হিউম্যান হলার ধাক্কা দেয়। এতে হাসনাইন গুরুতর আহত হয়।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে করে ব্যস্ততম নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এ সময় সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়।
বেলা ৪টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিউম্যান হলার চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৯ ঘ.
bdnews24