২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপ: সেনা সদস্যের ফাঁসি দাবি

একই পরিবারের তিনজনকে এসিডদগ্ধ করার ঘটনায় গ্রেপ্তার সেনা সদস্য ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে রোববার বিক্ষোভ করেছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই পরিবারের তিনজনকে এসিডদগ্ধ করার ঘটনায় গ্রেপ্তার সেনা সদস্য ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে রোববার বিক্ষোভ করেছে গ্রামবাসী। দুপুরে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধিরা স্থানীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন সরকার, কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ প্ররুখ। বক্তারা অবিলম্বে অপর দুই আসামি শাহানুর রহমান ও মো. মিলন মিয়ার গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন। এদিকে আটক সৈনিক শামসুলের মুক্তির দাবিতে তার পরিবারের সদস্যরা রোববার গাইবান্ধা জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি দিয়েছে। উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের বাসিন্দা চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত সেনা সদস্য শামসুল আলম দর্ঘিদিন থেকে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে রেহেনা সুলতানাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৩ সেপ্টেম্বর বাড়ি এসে আবারো একই প্রস্তাব দেন। এতে রেহেনা রাজি না হলে শামছুল ওই রাতে ঘরের জালানা দিয়ে ঘুমন্ত রেহেনা, তার ছোট বোন রিমা খাতুন (১৪) ও মা রাজিয়া সিদ্দিকার (৪২) উপর এসিড নিক্ষেপ করেন। এতে তিনজনের শরীর ঝলসে যায়। পরদিন পুলিশ শামসুলকে গ্রেপ্তারের পর রংপুর সেনানিবাসে হস্তান্তর করে। একই দিন সাদুল্লাহপুর থানায় শামসুল আলমসহ তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়। অপর দুই আসামি হলেন- শাহানুর রহমান ও মো. মিলন মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪৩ ঘ.