২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিসিসি নির্বাচন ডিসেম্বরে, আগের সীমানাতেই'

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ডিসেম্বরে করার পরিকল্পনার কথা আবার জানিয়ে সিইসি এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন হবে আগের ওয়ার্ড সীমানাতেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ডিসেম্বরে করার পরিকল্পনার কথা আবার জানিয়ে সিইসি এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন হবে আগের ওয়ার্ড সীমানাতেই। এ বছরের শুরুতে ডিসিসি নির্বাচনের পরিকল্পনা নিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। ওয়ার্ড সীমানা পুনর্র্নিধারণ করতে গিয়ে দেখা জটিলতা দেখা দিলে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। এরপর থেকে ডিসেম্বরে নির্বাচনের পরিকল্পনা ধরে এগোতে থাকে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রোববার কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "এ বছরের মধ্যে স্থানীয় সরকারের মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন করা সম্ভব না হলেও ডিসেম্বরে ডিসিসি নির্বাচন করে ফেলবো।" ঢাকা মহানগরীর এ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের জন্য শিগগির কমিশন আলোচনায় বসবে বলে জানান তিনি। ২০০৭ সালের মে মাসে ডিসিসির বর্তমান জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০০২ সালের ২৪ এপ্রিল। নতুন সীমানা নির্ধারণের কাজে অগ্রগতির কথা জানতে চাওয়া হলে শামসুল হুদা বলেন, "নতুন সীমানায় নয়, পুরনো সীমানাতেই (বিদ্যমান) ডিসিসি নির্বাচন করা হবে।" ডিসিসি নির্বাচনের পরই পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান সিইসি। আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের আসনের নির্বাচনী ফলাফল বাতিলে আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, "রায়ের কপি পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।" এর আগে বর্তমান সংসদের ভোলা-৩ আসনের নির্বাচনে বিজয়ী ক্ষমতাসীন আওয়ামী লীগের মো. জসিমউদ্দিনের মনোনয়নপত্র আদালত বাতিল করলে সেখানে নতুন করে নির্বাচন করে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭২৫ ঘ.