ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন ভারতে কারাভোগের পর দুই শিশুসহ নয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
রোববার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিডিআরের কাছে তাদের হস্তান্তর করে।
এরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর গ্রামের সুধীর বর্মন (৫৪), রায়পুর গ্রামের পবেন সিং বর্মন (২৮) ও তার স্ত্রী আশা সিং বর্মন(২৫), ছেলে বলরাম সিং (৮) ও সবুজ সিং (৫), বালিয়াডাঙ্গী উপজেলার কারুয়া ফতেপুর গ্রামের মো. করিম (৩৭), কাশুয়া গ্রামের ইসলাম (৩০) ও হরিপুর গ্রামের রবিন চন্দ্র পাল (৪০) এবং হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের জাদব বর্মন (৪৮)।
বিডিআর পরে তাদের পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
হস্তান্তর হওয়া এ বাংলাদেশিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ তাদের আটক করে। এদের মধ্যে কেউ ৩ বছর ৩ মাস থেকে সাড়ে ৪ বছর পর্যন্ত সাজা ভোগ করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ।
তিনি বলেন, দানাজপুর সীমান্তের ৩৪০/৩ নম্বর পিলারের কাছে সকাল ১১টায় বিডিআর-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শুরু হয়। বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্বদেন দিনাজপুর-২ রাইফেলস ব্যাটালিয়নের সহ অধিনায়ক মেজর ইফতেখার আহমেদ কোরাইশি ও বিএসএফএর পক্ষে ছিলেন ১২০ রায়গঞ্জ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাতহু বিনহা।
বাংলাদেশ পুলিশের পক্ষে বিডিআরের কাছ থেকে তাদের গ্রহণ করেন পীরগঞ্জ থানার ওসি আব্দুল হামিদ। দুপুরে ওই নয়জনকে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৭০০ ঘ.
bdnews24