ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মো. মাসুদ (২৪) নামের এক দোকান কর্মী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে।
মাসুদ এক ছিনতাইকারীকে জাপটে ধরলে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তার সঙ্গী ছিনতাইকারীরা মাসুদকে ছুরিকাঘাত করে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খেজুরবাগ এলাকার 'মা কেবিনেট এন্ড ইলেট্রিক' নামের দোকানের ব্যবস্থাপক মাসুদ শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে মালিক সুমনকে নিয়ে রিক্সাযোগে বাসায় ফিরছিলেন। সুমনের দুই বন্ধু লিটু ও জাভেদ ছিল আরেকটি রিক্সায়।
রিক্সা দুটি চানমিয়া মেম্বারের বাড়ির সামনে এলে ১০/১২ জন ছিনতাইকারী রিক্সা থামায় এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে নেওয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে মাসুদ এক ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলে। এ সময় সুমন, লিটু ও জাভেদের সঙ্গে অন্য ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। জাপটে ধরা ছিনতাইকারীকে ছাড়িয়ে নিতে তার সঙ্গীরা মাসুদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
চিৎকার ও হৈচৈ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জাপটে ধরা ছিনতাইকারীকে রেখেই অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ওসি জানান, ছুরিকাঘাতে আহত মাসুদকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, জাপটে ধরা ছিনতাইকারীর নাম আলমগীর। ঘটনাস্থলে জনতা তাকে গণপিটুনি দেয়।
ওসি আরো জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কেএমএস/১৫৫১ ঘ.
bdnews24