ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী ২৫ সেপ্টেম্বরের পর থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) স্টেশন মালিকদের সংগঠন সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় দাবি না মানলে ধর্মঘটে যাওয়ার এ সিদ্ধান্ত হয়।
বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহের জন্য সরকার গত ১৬ আগস্ট থেকে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ওই দিনই সিএনজি স্টেশন মালিকরা জানায়, রমজানের পর সরকারি এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলন কর্মসূচি ঘোঘণা করা হবে।
শনিবার বিকালে রাজধানীর বিজয়নগরে সিএনজি স্টেশন মালিকদের বৈঠকের পর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি সিদ্ধান্ত মেনে প্রতিদিন ছয় ঘণ্টা করে স্টেশনগুলো বন্ধ রেখে মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।"
তিনি জানান, রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কাছে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য চিঠি দেওয়া হবে। সরকার আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে ওইদিন সংগঠনের সাধারণ সভা ডেকে ধর্মঘটের ডাক দেওয়া হবে।
সারা দেশে মোট ৫৬৫টি স্টেশন রয়েছে বলে জানান জাকির।
মালিকদের ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম কামাল, সহ-সভাপতি মনোরঞ্জন ভক্ত, মাসুদ খান, মো. নিজামউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন খান, মো, কফিলউদ্দিন প্রমুখ।
সিএনজি স্টেশন মালিকদের এ হুমকির বিষয়ে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে সরকার। সরকারের পক্ষ থেকে যা বলা হবে, পেট্রোবাংলা তা বাস্তবায়ন করবে।"
গত এক মাস সিএনজি স্টেশন ছয় ঘণ্টা করে বন্ধ থাকায় জনগণ কতটা উপকৃত হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, "যারা সিএনজি ব্যবহার করছে তারা তো কোনো আপত্তি করছে না। মালিকরা তাদের ব্যবসায়িক স্বার্থে এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছে।"
মনসুর বলেন, সরকারি সিদ্ধান্তের কারণে বাসা-বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের চাপ বেড়েছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বাড়ায় জনগণ উপকৃত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২০০৫ ঘ.
bdnews24