২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

সুনামগঞ্জ, লক্ষ্মীপুর গাজীপুর, গোপালগঞ্জ ও গাইবান্ধায় শনিবার সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহত হন ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ, লক্ষ্মীপুর গাজীপুর, গোপালগঞ্জ ও গাইবান্ধায় শনিবার সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহত হন ১১ জন। এর মধ্যে রয়েছেন সুনামগঞ্জে একজন, লক্ষ্মীপুরে দুইজন, গাজীপুরে একজন, গোপালগঞ্জে দুইজন ও গাইবান্ধায় দুইজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ: সুনামগঞ্জ: পৌর শহরের নতুন কোর্টের সামনে বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পু খাদে পড়ে নিহত হন রাসেল মিয়া (১২) নামে এক কিশোর। রাসেল ওই টেম্পুর সহকারী ছিল। সে সদর উপজেলার আলমপুর গ্রামের জাহের মিয়ার ছেলে। সদর থানার ওসি আতাউর রহমান বলেন, সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড থেকে জামালগঞ্জ যাচ্ছিল টেম্পুটি। শহরের নতুন কোর্ট সংলগ্ন হাজিপাড়ার প্রবেশ পথে একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে টেম্পুটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে রাসেল মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর: জেলা সদরের জকসিন বাজারের কাছে ঢাকা-রায়পুর মহাসড়কে দুপুরে বাসের ধাক্কায় নিহত দু'জন হলেন- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা কর্মী রুবেল (২৬) ও রাশেদ (১৮)। দুর্ঘটনায় একমাত্র আহতকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, দুপুর ১২টায় চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন মোটরসাইকেল আরোহী আহত হন। সদর হাসপাতালে নেওয়ার পর রুবেল ও রাশেদ মারা যান। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। গাজীপুর: গাজীপুর সদরের চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন হাসনা বানু (৬০) নামে একজন। হাসনা শেরপুরের নান্দাইলের জবর আলীর স্ত্রী। নাওজোর মহাসড়ক পুলিশের সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন হাসনা বানু। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ: ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে এবং পাশের জেলা ফরিদপুরের নগরকান্দার বল্লভদী মোল্লার মোড়ে দু'টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওলিয়ার রহমান জানান, উপজেলার দাসেরহাটে দুপুর সাড়ে ১২টার দিকে একটি মাইক্রোবাস পথচারী রোকেয়া বেগম ওরফে রিকোকে ( ৩৫) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। রিকো মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের সিরাজুল হক মুন্সীর স্ত্রী। ভাঙ্গা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম জানান, উপজেলার বল্লবদীতে বেলা সাড়ে ১১টার দিকে বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি নসিমনকে ধাক্কা দিলে নসিমন যাত্রী আয়ূব আলী সরদার (৪৫) নিহত হন। আয়ূবের বাড়ি মুকসুদপুর উপজেলার কাউনিয়া গ্রামে। গাইবান্ধা: সাঘাটা উপজেলার জুমারবাড়ী-সোনাতলা সড়কের ময়দালিমোড়ে দুপুরে একটি ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) উল্টে গিয়ে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার ছাইতানতলা গ্রামের ফজলু মিয়া (৫০) ও তার মেয়েজামাই একই উপজেলার দরিয়াহাসরাজ গ্রামে হুকুম আলী (৩৫)। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঘাট থানার ওসি আফজাল হোসেন জানান, সোনাতলা থেকে যাত্রীবাহী ভটভটিটি সাঘাটা উপজেলার ভরতখালী হাটে যাওয়ার পথে ময়দালিমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে দু'জন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৫৩ ঘ.