২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহীম হত্যা মামলা সিআইডিতে

ইব্রাহীম হত্যা মামলার তদন্ত গোয়েন্দা পুলিশ থেকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 10:33 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইব্রাহীম হত্যা মামলার তদন্ত গোয়েন্দা পুলিশ থেকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সরকারি ছুটির দিনেই পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার আলোচিত এই মামলাটি সিআইডিতে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। উপপুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, গত বৃহস্পতিবার পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিক সম্মেলনের পর নানা ধরনের কথা উঠায় এই বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে তিনি একান্তে কথা বলেন। পরে পুলিশ কমিশনার মামলাটি সিআইডিতে স্থানান্তর করার জন্য তাকে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করার নির্দেশ দেন। তিনি জানান, কমিশনারের এই নির্দেশ পাওয়ার পর তিনি আবেদন করেন এবং শনিবার এই আবেদন মঞ্জুরের চিঠি পান। তবে মামলার যাবতীয় নথিপত্র (ডকেট) বুঝিয়ে দিতে আরো ২/১ দিন সময় লাগবে বলে জানান মাহবুবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৬২৯ ঘ.