২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত ৬ টি ড্রাম উদ্ধার

বিমানবন্দর এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ছয়টি ড্রাম উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 09:50 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দর এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ছয়টি ড্রাম উদ্ধার করেছে। ড্রামগুলোর ভেতরে ওষুধ তৈরির কাঁচামাল রয়েছে বলে পুলিশের ধারণা। বিমানবন্দর থানার ওসি সামসুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০ টার দিকে বিমানবন্দরের রাডার গেট সংলগ্ন ঝোপঝাড়ের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ছোট এবং একটি বড় প্লাষ্টিকের ড্রাম পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে। ড্রামগুলোর গায়ে বাংলাদেশের একটি ওষুধ কোম্পানির নাম লেখা রয়েছে। ড্রামগুলো ভারতের হায়দরাবাদ থেকে এসেছে জানিয়ে ওসি বলেন, "যেহেতু ওষুধ কোম্পানির নাম লেখা এবং আমদানি করা হয়েছে, সে থেকে ধারণা করা হচ্ছে ভেতরে থাকা তরল পদার্থগুলো ওষুধ তৈরির কাঁচামাল।" ড্রামগুলোতে সর্বমোট প্রায় ১২০ কেজি দ্রব্য রয়েছে বলে জানান ওসি। তিনি জানান, বিমান বন্দরের আমদানি করা মালামাল যেখানে থাকে সেখান থেকে এগুলো সম্ভবত চুরি করা হয়েছে। কিন্তু সুযোগ ও সময়ের অভাবে অপরাধীরা ড্রামগুলো নিয়ে যেতে পারেনি। ড্রামগুলোর ভেতরে আসলে কি রয়েছে এবং এগুলো ওই ওষুধ কোম্পানিরই কিনা তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানি কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৫৪৬ ঘ.