ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তা সংসদে এসে তুলে ধরতে প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গণভবনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর বৈঠক শেষে শুক্রবার রাতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
সরকার ব্যর্থ হয়েছে বলে বিরোধী দলের দাবি সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, "বিরোধী দল সব সময় সরকারকে ব্যর্থ বলছে। অথচ কোথায় ব্যর্থ তা তারা সুস্পষ্ট করে কিছুই বলে না। আমরা তাদেরকে সংসদে এসে সরকার কী কী ক্ষেত্রে ব্যর্থ, তা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।"
প্রধান বিরোধী দল বিএনপির সরকার হঠানোর আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "একটি নির্বাচিত সরকারকে তার মেয়াদের আগে কেউ যদি উৎখাত করতে চায়-তা হবে অসাংবিধানিক। এটা কোনোভাবেই জনগণ গ্রহণ করবে না।"
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংবিধান সংশোধনে মতামত দিতে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, "সংসদে এসে সংবিধান সংশোধনে গঠিত কমিটিতে আপনারা মতামত দিন।''
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ১০মিনিট থেকে রাত ৯ টা ২০ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে। এটি ছিলো নবগঠিত সভাপতিমণ্ডলীর তৃতীয় বৈঠক। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
আশরাফ জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক থাকার সময় সৈয়দা সাজেদা চৌধুরী দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকায় বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে ১৪ সদস্যের সভাপতিমণ্ডলীর মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহারা খাতুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, আবদুল লতিফ সিদ্দিকী, ম খা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/০০২৫ঘ.
bdnews24