২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাচ্ছেন শনিবার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদেরসহ সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাসেলসের উদ্দেশে রওনা হবেন। ব্রাসেলসে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পরে সেখান থেকে তিনি একটি বিদেশি এয়ারলাইন্সের বিমানে করে নিউ ইয়র্ক রওনা হবেন। দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দেবেন। গতবছরও তিনি এই অধিবেশনে বাংলায় ভাষণ দেন। ১৯৭৪ সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষণে তিনি সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করবেন। ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিষয়ক দক্ষিণ এশীয় শীর্ষ নেতাদের এক সম্মেলনে কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন। মেক্সিকোর কানকুনে পরবর্তী জলবায়ু সম্মেলনের আগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করেছে। দীপু মনি জানান, সফরকালে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানাবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এইচএ/২১৫৩ ঘ.