২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক না পেয়ে সবুজবাগে গৃহবধূকে হত্যার অভিযোগ

যৌতুক না পেয়ে রাজধানীর সবুজবাগে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 03:28 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে রাজধানীর সবুজবাগে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ আফসানা আক্তার মুক্তিকে (১৮) শুক্রবার দুপুরে তার শ্বশুড়বাড়ির লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মুক্তির শ্বশুড় নুরুল ইসলাম দাবি করেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুক্তি। তবে মুক্তির খালু হারুনুর রশীদ লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌতুকের টাকা না দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর মুক্তির স্বামী ইমন ওরফে হিমেল পালিয়ে যান। হারুনুর রশীদ জানান, এক বছর আগে মুক্তি ও ইমন পরিবারের অসম্মতিতে বিয়ে করেন। সবুজবাগের মানিকনগরে মুক্তির শ্বশুড়বাড়ি। গত কয়েক মাস ধরেই তাকে শ্বশুড়বাড়ির লোকজন যৌতুক হিসেবে বাবার কাছ থেকে চার লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলো। বাধ্য হয়ে মুক্তি প্রায়ই তার বাবা আফর উদ্দিনকে ফোন করে ওই টাকা দেওয়ার অনুরোধ করতো। টাকা না দেওয়ায় মুক্তিকে তার শ্বশুড় নুরুল ইসলাম ও স্বামী ইমন নিয়মিত নির্যাতন করে আসছিলো বলেও দাবি করেন হারুনুর রশীদ। সবুজবাগ থানার উপ-পরিদর্শক ইকবাল আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুড় নুরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২১২০ ঘ.