অলোক বোস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
মাগুরা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদরের নারায়ণখালী খালে স্লুইচ গেটটি বানানো হয়েছিলো পানি ধরে রেখে সেচের সুবিধার জন্য। কিন্তু এতে ত্রুটি দেখা দেওয়ায় এখন ভরা বর্ষায়ও প্রায় ৫ হাজার হেক্টর জমিতে পানি নেই।
কৃষকরা বলছেন, সমস্যা সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) একাধিকবার জানালেও কোনো কাজ হয়নি। স্থানীয় কৃষি কর্মকর্তাও বলেছেন একই কথা।
বর্ষা মৌসুমে স্লুইচ গেইটের মাধ্যমে পানি আটকে কৃষকদের সেচ সুবিধা দিতে দুই দশক আগে সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের নারায়ণখালীতে পাউবো এই স্লুইচ গেইটটি নির্মাণ করে। ধরে রাখা পানি দিয়ে শুকনো মৌসুমেও সেচ দিয়ে আসছিলো কৃষকরা। তবে শুরুর এ সুবিধা এখন নেই। ত্র"টির কারণে স্লুইচ গেইটটি এখন পানি ধরে রাখতে পারছে না।
গত মঙ্গলবার সরেজমিনে নারায়ণখালী খাল তীরবর্তী পদ্মবিলা মাঠে গিয়ে দেখা যায়, পানির অভাবে অধিকাংশ আমন ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে। শুকিয়ে যাচ্ছে ধানের চারা। স্বচ্ছল কৃষকরা অগভীর নলকূপের মাধ্যমে সেচ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
কথা হয় আঠারখাদা ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের ইসলাম শেখ, আবেদুল মোল্লা, সেলিম মোল্লাসহ কয়েকজন কৃষকের সঙ্গে। তারা বলেন, ভাদ্র মাস চলে গেলেও আমন চাষের জন্য পর্যাপ্ত বৃষ্টি এবার হয়নি।
"অপরদিকে ত্রুটি পূর্ণ স্লুইচ গেইটের কারণে পানি পাওয়া যাচ্ছে না। যে কারণে সেচের খরচ বেড়ে যাচ্ছে", বলেন ইসলাম শেখ।
হাজীপুর গ্রামের মশিউর মিয়া, আসাদুজ্জামান মুন মিয়া, নুরুল হাকিম তুহিনসহ একাধিক কৃষক জানালেন, এ স্লুইচ গেইটের ওপর নির্ভর করে সদর উপজেলার আঠারোখাদা ও হাজীপুর এবং শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ৩০টি গ্রামের বড়বিলা, পদ্মবিলা, কৈবিলা, দোয়াইলের বিল, গজারিয়া বিল, বড়ডাঙ্গিয়ার বিলসহ বেশ কিছু বিলের প্রায় ৫ হাজার হেক্টর ফসলি জমির আবাদ হতো।
"যারা স্বচ্ছল তারা নলকূপ বসিয়ে সেচ দিতে পারছেন, কিন্তু যারা গরিব তাদের জমি ফেটে চৌচির", বলেন মশিউর।
পানির অভাবে চলতি মৌসুমে পাট জাগও দেওয়া যাচ্ছে না বলে জানান কৃষকরা। তারা বলছেন, কৃষি কর্মকর্তা ও পাউবো কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন তারা। কৃষকরা অবিলম্বে স্লুইচ গেইটটি সংস্কারের দাবি জানিয়েছেন।
বিষয়টি জানে কৃষি বিভাগও। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারাও বেশ কয়েকবার এ সমস্যা সমাধানের জন্য পাউবোকে জানিয়েছে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সমীর কুমার ভট্টাচার্য স্লুইচ গেইটে ত্র"টি থাকার কথা স্বীকার করেন।
তবে তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ত্রুটি র জন্য খুব বেশি পানি বের হচ্ছে না। মাটির বস্তা দিয়ে পানি বের হওয়া ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে পানি স্বল্পতার জন্য বৃষ্টিপাত কম হওয়াকেই দায়ী করেছেন পাউবো কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪২ ঘ.
bdnews24