চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রামের একটি আদালতে জবানবন্দি দিয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম ওসমান গণির আদালতে তিনি সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনামুর রহমান ঘটনার পর গঠিত সরকারি তদন্ত কমিটির সদস্য হওয়ায় তার জবানবন্দি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
তবে জবানবন্দিতে তিনি কী বলেছেন তা জানাননি এ গোয়েন্দা কর্মকর্তা।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, এনামুর রহমান দুপুর একটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হাকিম আদালতে চার পৃষ্ঠার জবানবন্দি দেন।
২০০৪ সালের পহেলা এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র খালাসের সময় এনামুর রহমান চৌধুরী এনএসআই'র পরিচালক ছিলেন।
ঘটনার দু'দিন পর গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্য ছিলেন তিনি।
তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের নেতৃত্বে গঠিত ওই কমিটির অপর তিন সদস্য হলেন- এনএসআই'র ওই সময়কার মহাপরিচালক এবং অস্ত্র চালান আটককালীন সময়ে ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, পুলিশের তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদ ও তৎকালীন ডিআইজি (বিশেষ শাখা) শামসুল ইসলাম।
এ মামলায় ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে রেজ্জাকুল হায়দার চৌধুরী গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।
বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক দুই প্রধান, তিন সাবেক কর্মকর্তা, সিইউএফল এর তৎকালীন মহা পরিচালক, ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়।
এছাড়া তৎকালীন শিল্প ও স্বরাষ্ট্র সচিব, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, নৌবাহিনী এবং কাস্টমস এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১০০ ঘ.
bdnews24