মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি পথে পদ্মা পারের সময় একটি স্পিডবোট ডুবে চারজন নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে স্রোতের তোড়ে পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায় বলে পুলিশ স্থানীয়রা জানিয়েছে।
নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বরিশালের মনিরুজ্জামান (২৫), ঝালকাঠির স্বরূপকাঠির শাহজাহান (৩৫) এবং মাদারীপুরের শিবচরের মকবুল (২৫)।
মাওয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু তায়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাওয়া ঘাট থেকে মিতু সর্দারের স্পিডবোটটি ১১ জন যাত্রী নিয়ে কাওড়াকান্দির উদ্দেশে রওনা হয়। তবে ছাড়ার পরপরই যান্ত্রিক গোলযোগের কারণে এটি থেমে যায়। এ সময় স্রোতের টানে স্পিডবোটটি ২ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।"
স্পিডবোটের সাত যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও চারজন ডুবে যায়। ডুবে যাওয়া যাত্রীদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান এসআই তায়েব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24